ইরানে মার্কিন স্থল সেনা মোতায়েনের প্রয়োজন নেই : মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ইরানে মার্কিন স্থল সেনা মোতায়েনের কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। তবে এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। খবর আল জাজিরার।

ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কট্টরপন্থী এই সিনেটর বলেন, ‘সংঘাত আজই শেষ হচ্ছে না। আমাদের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা ও তারা যাতে পুনরায় পারমাণবিক কর্মসূচিতে ফিরতে না পারে তা নিশ্চিত করা।’ তিনি আরও জানান, কয়েক সপ্তাহ পর পরিস্থিতির মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বিবৃতিতে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছেন। দাবি না মানলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

লেবাননের বৈরুতে হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনী তেহরানে নতুন করে ‘বিস্তৃত তরঙ্গ’ বা বড় ধরনের বিমান হামলার ঘোষণা দিয়েছে। এর ফলে তেহরানে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত প্রায় ৩২ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত এখন বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ছড়িয়ে পড়েছে। এসব দেশগুলো নিজ নিজ ভূখণ্ডে হামলার খবর নিশ্চিত করেছে। যুদ্ধের ১৪তম দিনে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘ইরানে যুদ্ধ খুব ভালোভাবেই এগিয়ে চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *