ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে ইরান তার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল। তবে এই কথিত পরিকল্পনার স্থান, সময় কিংবা তার দুই ছেলের মধ্যে কাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল— সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নেতানিয়াহু। খবর আলজাজিরার। 

স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই বিস্ফোরক দাবি করেন। 

অক্টোবর মাসের সাধারণ নির্বাচনের মুখে যখন মতামত জরিপে তার ক্ষমতাসীন জোট পিছিয়ে রয়েছে, ঠিক তখনই এই মন্তব্য সামনে এলো। নির্বাচনে বিরোধী প্রার্থী গ্যাডি আইজেনকটের নিরাপত্তা জোরদার করার বিষয়টি সমর্থন করে নেতানিয়াহু বলেন, ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছিল। তাই এই কড়া নিরাপত্তা কোনো বিলাসিতা নয়। এটি নিশ্চিত না করা হলে তারা সফল হয়ে যাবে।

নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বড় ছেলে ৩৫ বছর বয়সী ইয়াইর নেতানিয়াহু ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন। সেখানে তার নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় খরচের বিষয় নিয়ে ইসরায়েলে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে, বিষয়টি কয়েক মাস ধরে সামরিক নজরদারির আওতায় গোপন রাখা হলেও এখন তা প্রকাশ্যে আনা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর বাবার হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *