ইয়াবাসহ আটক মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল জনতা

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় একদল যুবক। গতকাল সোমবার (২৫ মে) দুপুরে দক্ষিণ আইচা মহাসড়কের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটকের পর স্থানীয় যুবকেরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে বাবুলকে জুতার মালা পরিয়ে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করান। পরে তাকে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের বাসিন্দা বাবুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হওয়ায় সাধারণ মানুষ চরম অতিষ্ঠ হয়ে উঠেছিল। 

এর আগেও বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয় বাসিন্দা মনির পাটোয়ারী বলেন, বাবুলকে এর আগেও কয়েকবার পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু সে জামিনে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক কারবারিদের চিরতরে নির্মূল করতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, স্থানীয়দের হাতে আটক হওয়া মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *