দুই দলের জন্যই ম্যাচটি ছির বাঁচা-মরার। সেখানে অবশ্য কিছুটা এগিয়ে ছিল কেপ ভার্দে। ড্র করলেই ইতিহাস রচনা করবে তারা। লক্ষ্য ঠিক রেখে সেই সাফল্য তুলে নিয়েছে বিশ্বকাপের নবাগত দলটি। সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। এতেই রচনা করেছে ইতিহাস। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই নকআউটে উঠে গেছে তারা।
আজ শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌদি আরব আর কেপ ভার্দে। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়। এতে গ্রুপ পর্বের টানা তিনটি ম্যাচেই ড্র করল কেপ ভার্দে।
পয়েণ্ট টেবিল বলছে গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে। তিনটি ড্র করে তিন পয়েণ্ট নিয়ে পয়েন্ট টেবিরের দ্বিতীয় স্থানে থেকে নকআউটে কোয়ালিফাই করল কেপ ভার্দে। অন্যদিকে, তিন ম্যাচে ২ জয় এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নকআউটে যাচ্ছে স্পেন।
এদিকে, তিন ম্যাচে দুই ড্র আর এক হরে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। সমান ম্যাচে সমান ড্র আর হারে ২ পয়েন্ট সৌদি আরবেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা আছে টেবিলের তলানিতে। একই সঙ্গে বিশ্বকাপ থেকেও বিদায় নিশ্চিত হয়ে গেল তাদের।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল কেপ ভার্দে। তবে সৌদি আরবও রক্ষণে শৃঙ্খলা ধরে রেখে পাল্টা আক্রমণে ভরসা রাখে। চতুর্থ মিনিটেই হলুদ কার্ড দেখেন সৌদির সৌদ আবদুলহামিদ। পাঁচ মিনিট পর কেপ ভার্দের ওয়াগনার পিনাও রেফারির খাতায় নাম লেখান। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলায় ছিল বাড়তি উত্তেজনা।
ম্যাচের ৩০তম মিনিটের দিকে বড় ধাক্কা খায় সৌদি আরব। কোনো সংঘর্ষ ছাড়াই চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন ডিফেন্ডার হাসান আল-তামবাকতি। দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। তার বদলি হিসেবে নামেন আলি লাজামি।
প্রথমার্ধের শেষ দিকে গোলের সবচেয়ে ভালো সুযোগ তৈরি করে দুই দলই। ৩৯তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেড করতে ব্যর্থ হন কেপ ভার্দের জোয়াও পাওলো। ৪২তম মিনিটে উইলি সেমেদোর জোরালো ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে মোহাম্মদ কান্নোর হেড দারুণ দক্ষতায় রুখে দেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় কেপ ভার্দে। উইলি সেমেদো, লারোস দুয়ার্তে ও রায়ান মেন্দেস একাধিক আক্রমণ গড়ে তোলেন। সবচেয়ে বড় সুযোগ আসে লারোস দুয়ার্তের সামনে। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। পরে ফিরতি বল থেকেও গোল আদায় করতে পারেনি কেপ ভার্দে।
অন্যদিকে, পুরো ম্যাচজুড়েই প্রত্যাশার তুলনায় নিষ্প্রভ ছিল সৌদি আরবের আক্রমণভাগ। সালেম আল-দাওসারি, ফিরাস আল-বুরাইকান ও মোহাম্মদ কান্নো চেষ্টা করলেও কেপ ভার্দের রক্ষণ এবং গোলরক্ষক ভোজিনহাকে ভাঙতে পারেননি। ম্যাচে সৌদির প্রত্যাশিত গোলের পরিমাণ ছিল মাত্র ০.২৪, যেখানে কেপ ভার্দের ছিল ১.১৩।