আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে ভাসছেন তারকারা

বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টানা জয় আর দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভাসছেন কোটি ভক্ত। সেই আনন্দে শামিল হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জয় উদযাপনে সরব দেখা গেছে তাদের।

অভিনেতা চঞ্চল চৌধুরী মেসির একটি ছবি শেয়ার করে মজার ছলে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’

অভিনেতা ইরফান সাজ্জাদও মেসির জাদুতে মুগ্ধ। ম্যাচের পারফরম্যান্স নিয়ে রসিকতা করে তিনি লেখেন,‘ভাইয়ারা মাঠে কিন্তু মেসি নাই হ্যাঁ ? আর এখন পর্যন্ত মেসি ছাড়াই মেসির মত সুন্দর দুইটা গোল!’ 

অভিনেতা খায়রুল বাশারও নিজের উচ্ছ্বাস লুকাননি। মেসির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মেসি আসবেন আর গোল হবে না, তা বেমানান। মেসি এক গোলেই গোলেই থামলেন আরকি! একটু আয়েসি দল, তাই অতিরিক্ত চাপ না থাকলে ৩ গোল এর উপর আমরা যেতে চাই না। তাছাড়া অল্পতে কাজ হলে অতিরিক্ত ভয়-ভীতি প্রদর্শনের চর্চাও আর্জেন্টিনার নাই। মোটকথা, ভালো একটা দলের বিপক্ষে জর্ডান ভালো চেষ্টা করেছে। আগামীর জন্য শুভকামনা।’

অভিনেত্রী তানজিকা আমিনও মেসিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন মেসি, আজকে তিনটা গোল করার জন্য।’

অন্যদিকে অভিনেত্রী নাদিয়া আহমেদ যুক্তরাষ্ট্রে বসেই উপভোগ করছেন প্রিয় দলের খেলা। সেখান থেকেই আর্জেন্টিনার জয় উদযাপন করে লিখেছেন, ‘ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।’

আর্জেন্টিনার আরেক একনিষ্ঠ সমর্থক ইরফান সাজ্জাদ নিন্দুকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে লিখেছেন, ‘লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারে নাই দেখে এখন এই ছেলেকে (মেসি) ফিফা ফ্রি কিক দেয়া শুরু করেছে! এই ছেলেটা (মেসি) আবার ফ্রি কিকে পেনাল্টি থেকে ভালো গোল করে! এভাবেই ছেলেটাকে (মেসি) গোল্ডেন বুট দিয়ে দেবে ফিফা! তীব্র প্রতিবাদ জানাই!’

ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার খেলা দেখে প্রশংসা করেছেন অভিনেতা আব্দুন নূর সজল। আর্জেন্টিনার জার্সি পরে ফেসবুকে ছবি পোস্ট করে আব্দুন নূর সজল লিখেছেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার। কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না। মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়টার জন্য অভিনন্দন।’

মেসিভক্ত অভিনেতা তৌসিফ মাহবুব। ফ্রি কিকে দুর্দান্ত গোলের পর তিনি লিখেছেন, ‘সে কখনো হতাশ করে না।’

উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদাও মেসির পক্ষে কথা বলেছেন। তিনি লেখেন, ‘আপনি যে কোনো দলই সাপোর্ট করতে পারেন, যে কোনো খেলোয়াড়কে প্রশংসা করতে পারেন। কিন্তু মেসিকে যদি অসম্মান করেন, সেটা আপনারই সীমাবদ্ধতা। লিওনেল মেসি তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এর জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই।’

ছোট পর্দার তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার জয়ে ভীষণ উচ্ছ্বসিত। জার্সি পরে ভিক্টোরি সাইন দেখিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’

মাঠে আর্জেন্টিনার জয়ের আনন্দ যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তারকাদের পোস্টে পোস্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *