জামালপুরের দেওয়ানগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ। দর্শকদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে আর্জেন্টিনাকে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ব্রাজিল।
গতকাল শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে থেকেই মাঠ ও এর আশপাশে বিভিন্ন বয়সি ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে ছিল প্রাণবন্ত ও উৎসবের আমেজ।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল দল। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় আর্জেন্টিনা কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও কোনো সুযোগই গোলে পরিণত করতে পারেনি। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিল একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপে ফেলে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করে।
ব্রাজিলের হয়ে রহিদ দুটি গোল করেন। এছাড়া তামরিজ, রিফাত ও সুমন একটি করে গোল করে দলের জয়কে আরও উজ্জ্বল করে তোলেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিল সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
খেলার পুরো সময়জুড়ে দর্শকদের ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই দলের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি ও করতালিতে ম্যাচটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ প্রীতি ম্যাচ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন উপস্থিত দর্শকরা।
আয়োজকেরা বলেন, বর্তমান সময়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে মাদক, জুয়া ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব। এমন ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।