আর ডি বর্মন হয়ে পর্দায় আসছেন ফারহান আখতার

বলিউডের কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরকার রাহুল দেব বর্মন, যিনি আর ডি বর্মন নামেই অধিক পরিচিত, তার জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন বায়োপিক। পরিচালনায় রয়েছেন নীরাজ পান্ডে। এবার জানা গেল, এই সিনেমায় আর ডি বর্মনের চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতার।

এর আগে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন নীরাজ পান্ডে। এবার ভারতীয় সংগীতের অন্যতম প্রভাবশালী এই শিল্পীর জীবন ও কর্মকে বড় পর্দায় তুলে ধরতে যাচ্ছেন তিনি। নির্মাতার লক্ষ্য, আর ডি বর্মনের সৃষ্টিশীলতা ও সংগীতে অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চরিত্রটি ফুটিয়ে তুলতে ফারহান আখতারকে দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হবে। আর ডি বর্মনের হাঁটাচলা, কথা বলার ধরন, মঞ্চে উপস্থিতি এবং বাদ্যযন্ত্র ব্যবহারের কৌশল আয়ত্ত করতে বিশেষ প্রশিক্ষণ নেবেন তিনি। প্রয়োজনে নিজের শারীরিক গঠনেও পরিবর্তন আনবেন এই অভিনেতা।

নির্মাতারা ইতোমধ্যে আর ডি বর্মনের বেশ কয়েকটি জনপ্রিয় গানের স্বত্ব সংগ্রহ করেছেন। সিনেমার গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলোর নতুন উপস্থাপনা তৈরির কাজও শুরু হয়েছে।

শুধু সংগীতজীবনের সাফল্য নয়, এই বায়োপিকে উঠে আসবে আর ডি বর্মনের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়, প্রেম, সংগ্রাম, একাকিত্ব এবং ভারতীয় সংগীতে তার বৈপ্লবিক অবদানের গল্প। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকেই শুরু হবে শুটিং।

এদিকে আর ডি বর্মনের বায়োপিকের পাশাপাশি ফারহান আখতারকে আরেকটি আন্তর্জাতিক প্রজেক্টেও দেখা যাবে। অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডিস নির্মিত ‘দ্য বিটলস’–ভিত্তিক বায়োপিকে তিনি কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের চরিত্রে অভিনয় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *