চলতি বছরের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকাজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চ মাসে নির্ধারিত এই অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত করা হয়েছিল। খবর আল জাজিরার।
আগামী ৪ জুলাই থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বিদায় অনুষ্ঠান শুরু হবে। ৪ ও ৫ জুলাই তেহরানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ৬ জুলাই মূল জানাজা অনুষ্ঠিত হবে। এই তিন দিন (৪, ৫ ও ৬ জুলাই) তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৬ জুলাই পুরো দেশজুড়ে সাধারণ ছুটি থাকবে।
তেহরানের আনুষ্ঠানিকতা শেষে ৭ জুলাই তাঁর মরদেহ ধর্মীয় নগরী কোমে নিয়ে যাওয়া হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর ৯ জুলাই খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হবে।
দুই কোটি মানুষের সমাগমের আশা
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের প্রধান জানাজা ও বিদায় অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।