আমরা যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানুষের স্বার্থ আমরাই দেখবো। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো আমরা।

ময়মনসিংহের ত্রিশালে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে আজ শনিবার (২৩ মে) বিকেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এই দেশের মালিক জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে। আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজগুলো সেগুলো একদিকে সফল করা। আরেকদিকে যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি চালাচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে এই দেশের মালিক জনগণ। কতিপয় সংখ্যক মানুষ এসে বিভ্রান্তি ছড়াবে আর তারা সফল হয়ে যাবে- মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের জন্য কাজ করবে- বাংলাদেশের জনগণ তাদেরকেই সাথে নিয়ে এই দেশকে রক্ষা করবে যেকোনো ষড়যন্ত্রের হাত থেকে।

তারেক রহমান আরও বলেন, এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, জনগণকে সাথে নিয়ে করতে হবে। নিজের ক্ষেত-খামার, নিজের ঘরবাড়ি যেভাবে নিজে গড়ে তুলেছেন- দেশটাও আমাদের সকলের নিজের। এখানে আমরা যত মানুষ উপস্থিত আছি প্রত্যেকেই হচ্ছে এই দেশের অংশীদার, প্রত্যেকেই হচ্ছে এই দেশের মালিক। কাজেই আমার ঘর আমাকেই দেখতে হবে, আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের স্বার্থ আমরাই দেখবো এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা। যারা আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে- তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকব, সতর্ক থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *