একদিন আগেই লিওনেল মেসিকে নিয়ে শঙ্কায় ছিল গোটা আর্জেন্টিনা। মেসিকে নিয়ে শঙ্কার কালো মেঘ কাটতে না কাটতে আবারও চিন্তার ভাঁজ আর্জেন্টিনা শিবিরে। এবার চোটে পড়েছেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন ৩৪ বছর বয়সী আকুনা। খেলার একপর্যায়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে তীব্র অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত মাঠ থেকে তুলে নেওয়া হয়। একই স্থানে আগে থেকেই তার ফিটনেসজনিত সমস্যা থাকায় বিষয়টি বাড়তি উদ্বেগ তৈরি করেছে।
চোটের মাত্রা কতটা গুরুতর, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে একাধিক ফিটনেস সমস্যা দেখা দেওয়ায় পরিস্থিতির দিকে নজর রাখছে টিম ম্যানেজমেন্ট।
ফিফার নিয়ম অনুযায়ী আগামী ১ জুনের মধ্যে সব দলকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এর আগেই দল ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, মে মাসের শেষ সপ্তাহেই চূড়ান্ত স্কোয়াড প্রকাশ হতে পারে।
২৬ সদস্যের মূল স্কোয়াডে কারা থাকেন, সেই হিসেব মেলাতে শুরু করেছেন অনেকে। মেসির নেতৃত্বের বিশ্বচ্যাম্পিয়নের তকমা ধরে রাখার মিশনে কারা থাকবেন, তা নিয়ে আগ্রহের শেষ নেই। সেখানেও যে চমক রাখবেন স্কালোনি, তা বলার অপেক্ষা রাখে না।