মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। এসময় তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেন।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর থানা চত্বরে এই ঘটনা ঘটে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় বুধবার দিনগত রাতে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা হেফাজত থেকে আদালতে নেওয়ার সময় উপস্থিত লোকজনের সামনে টুটুল বলেন, আমি জন্মগতভাবে অপরাধী নই। বিনা অপরাধে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি মানুষের জন্য রাজনীতি করেছি, সাধারণ মানুষের সেবা করার জন্য রাজনীতি করেছি। আজ আমাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু আমি ‘জয় বাংলার’ লোক বলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আল মামুন জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে সোপর্দ করার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।