আগস্টে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল : রেলমন্ত্রী

সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী আগস্ট মাসে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। আজ শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী মাসে (জুলাই) নতুন কিছু কোচ দেশে আসবে। কোচগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।

রেলমন্ত্রী আরও জানান, চলতি বছরের আগস্টে নতুন করে দু’টি রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।

পরিবহণ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে রেলমন্ত্রী বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে রবিউল আলম বলেন, প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির পাশাপাশি প্রকল্পটির ব্যাপক জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে এটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেলিম রেজা হাবিব, আবু তালেব মন্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *