ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
এক ক্ষুদে বার্তায় বিজিবি জানায়, শুক্রবার (২৭ মার্চ) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পিলার ২০২৫/৫-এস শূণ্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা এলাকায় খোলা জায়গায় মজুদ অবস্থায় ৯৫৩ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৮১ লাখ ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।