অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে বুলবুলের বিবৃতি

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশকে ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের পর এই সিদ্ধান্ত নেয় এনএসসি।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এনএসসির এই হস্তক্ষেপকে এখতিয়ার বহির্ভূত ও বেইআইনি বলে মন্তব্য করেছেন সর্বশেষ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তদন্ত কমিটির রিপোর্ট ও অ্যাডহক কমিটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বিবৃতিতে বুলবুল বলেন, ‘নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া এবং তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি চাপিয়ে দেওয়া অবৈধ, বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থী এবং সরকারি হস্তক্ষেপ সংক্রান্ত আইসিসির নিয়মের সরাসরি লঙ্ঘন। চরম পরিস্থিতি ছাড়া নির্বাচিত কোনো পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষমতা এনএসসির নেই এবং বর্তমানে তেমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই।’

বুলবুলের মতে এনএসসির তদন্ত এখতিয়ার বহির্ভূত ও বেআইনি। তিনি বলেন, ‘বিসিবির মতো একটি স্বায়ত্তশাসিত ফেডারেশনের সমাপ্ত হয়ে যাওয়া নির্বাচনী প্রক্রিয়া তদন্ত করার কোনো ক্ষমতা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নেই। আইসিসি-র গঠনতন্ত্র অনুযায়ী, সদস্য বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপমুক্ত থাকতে হবে। প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে শুরু হওয়া এই তদন্ত কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা। এই প্রতিবেদনটি আইনগতভাবে অকার্যকর।’

সর্বশেষ নির্বাচনে কোনো অনিয়ম হয়নি উল্লেখ করে বিবৃতিতে বুলবুল বলেন, ‘গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে দুর্নীতি, কারচুপি বা ক্ষমতার অপব্যবহারের যাবতীয় অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করছি। সেই নির্বাচনটি বিসিবি কর্তৃক গঠিত একটি সম্পূর্ণ বৈধ ও তিন সদস্যের নির্বাচন কমিশনের অধীনে স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *