অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআরকে ঘিরে হঠাৎই উদ্বেগ তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। কাঁধের চোটের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ‘আরআরআর’খ্যাত এই অভিনেতাকে। গতকাল বুধবার (১২ আগস্ট) হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তার কাঁধে সফল অস্ত্রোপচার করা হয়েছে। 

তবে ভক্তদের দুশ্চিন্তার কারণ নেই। ভালো আছেন অভিনেতা। সফল অস্ত্রোপচারের পর ভক্ত, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার আপডেট দেন জুনিয়র এনটিআর। তিনি বলেন, ‘আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনায় আমি অভিভূত। অস্ত্রোপচার সফল হয়েছে এবং আমি ভালো আছি। কিমসের অসাধারণ চিকিৎসক দলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমার বন্ধু, পরিবার ও ভক্তদের প্রতি কৃতজ্ঞ। প্রতিদিন আপনাদের সমর্থন আমাকে শক্তি জোগায়। খুব শিগগিরই দেখা হবে।’

অস্ত্রোপচারের পর হাসপাতাল কর্তৃপক্ষ জুনিয়র এনটিআরের স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, সেকেন্দ্রাবাদের কিমস হাসপাতালে অর্থোপেডিক সার্জনদের একটি দল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করে। বর্তমানে এনটিআর ভালো আছেন। এবার চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। চিকিৎসকদের আশা, ২ থেকে ৩ মাসের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

এর আগে কাঁধে, চোট পাওয়ার পর জুনিয়র এনটিআরকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। অস্ত্রোপচার সফল হওয়ায় এখন ধীরে ধীরে স্বাভাবিক কাজে ফেরার প্রস্তুতি নেবেন তিনি। শুটিংয়ে ফিরতেও তাকে চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক সুস্থতার ওপর নির্ভর করতে হবে। 

এদিকে ভক্তদের অপেক্ষার কেন্দ্রে রয়েছে জুনিয়র এনটিআরের পরবর্তী সিনেমা ‘ড্রাগন’। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমাতেই পরবর্তী সময়ে পর্দায় দেখা যাবে এই তারকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *