অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ডারউইনে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এবং নিখুঁত পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ রোববার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শক্তিশালী ক্রিকেট দলের বিরুদ্ধে মাত্র ৪ দিনে ৯ উইকেটের এই অবিস্মরণীয় জয় কেবল ঐতিহাসিক নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের নতুন এক স্বর্ণযুগের সূচনা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো দল ব্যাটে-বলে যে আত্মবিশ্বাস ও দাপট দেখিয়েছে, তা ১৭ কোটি বাঙালিকে চরম গর্বিত ও আনন্দিত করেছে। ৫ দিনের লড়াকু মানসিকতার যে লক্ষ্য অধিনায়ক শান্ত রেখেছিলেন, দল তার চেয়েও নিখুঁত পারফরম্যান্সে ১১তম সেশনেই এই জয় ছিনিয়ে এনেছে যা অত্যন্ত প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরবে বলে তিনি বিশ্বাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *