অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপ ধরে রাখার মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না দলের নিয়মিত ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল।

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকলেও, এরপর গত কয়েক দিন ঠিকমতো অনুশীলন করতে পারেননি মন্টিয়েল। আর্জেন্টিনার নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মন্টিয়েলের পরিবর্তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে রক্ষণভাগের দায়িত্বে দেখা যেতে পারে নাহুয়েল মলিনাকে।

মন্টিয়েলের এই চোট অবশ্য খুব একটা গুরুতর নয়। জানা গেছে, শনিবার ও রোববার তিনি হালকা অনুশীলন চালিয়ে যাবেন। আর্জেন্টিনা শিবিরের প্রত্যাশা, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষেই তাকে আবারো সুস্থ অবস্থায় পাওয়া যাবে।

প্রসঙ্গত, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার সময় থেকেই পায়ের চোটে ভুগছিলেন মন্টিয়েল। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে ক্লাব ফুটবলের শেষ কয়েকটি ম্যাচসহ জাতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচও মিস করেছিলেন তিনি।

আগামী সোমবার ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত করবে মেসি-আলভারেজদের আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *