অশ্লীল কনটেন্ট তৈরি করে বিক্রি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

টেলিগ্রামভিত্তিক অশ্লীল (পর্ন) কনটেন্ট বাণিজ্য ও সাইবার ব্ল্যাকমেলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান। তিনি বলেন, ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও মো. হাসিব।

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অশ্লীল (পর্ন) কনটেন্ট বিক্রি, সাইবার ব্ল্যাকমেল এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ ও সংরক্ষণ করত। পরবর্তীতে টেলিগ্রামের গোপন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে অর্থের বিনিময়ে এসব কনটেন্ট বিক্রি ও সরবরাহ করা হতো। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের ব্ল্যাকমেল করার তথ্যও উঠে এসেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *