কাঠমিস্ত্রির কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়া এবং মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে অভিনেতা ও রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগকারী রাজ কাপুর শর্মা ইতোমধ্যে কলকাতার বেহালা থানার দ্বারস্থ হয়েছেন।এমন খবরই প্রকাশ করেছেন কলকাতার সংবাদমাধ্যম।
জানা গেছে, সোহমের বাড়িতে আলমারি তৈরির কাজ করছিলেন ওই কাঠমিস্ত্রি। কাজ শেষের পথে এসে অতিরিক্ত পারিশ্রমিক চাইতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে রাজ কাপুর জানান, গত ১২ মে সোহমের বাড়িতে আলমারি বানানোর জন্য ৫৫ হাজার টাকায় চুক্তি হয়। অগ্রিম হিসেবে তাঁকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল। পরবর্তীতে কাজের পরিধি বাড়লে তিনি আরও দুটি আলমারি তৈরির কাজ শুরু করেন। কাজ অর্ধেক শেষ হওয়ার পর বকেয়া টাকা চাইতে গেলে অভিনেতা তা দিতে অস্বীকার করেন।
অভিযোগকারীর দাবি, টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। শুধু সোহম নন, তাঁর দেহরক্ষী তোতন সর্দারের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত অভিনেতা সোহম চক্রবর্তীর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও গত জুলাই মাসে এক ব্যবসায়ী সোহমের বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে টালিগঞ্জের চারু মার্কেট থানায় মামলা করেছিলেন।