কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ছয়টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কাটা জঙ্গল বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়নামতি এলাকার কাটা জঙ্গল এলাকায় সিলেট-কুমিল্লা মহাসড়কে অবস্থান নেয় তারা। রাত আড়াইটার দিকে ছয়টি মোটরসাইকেলে করে নয়জন ওই এলাকায় পৌঁছায়। ডিবি পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে নয়জনকেই আটক করা হয়।
আটকের পর তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হয়। তবে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন কিংবা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেলগুলো বাংলাদেশে নিয়ে আসে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে তারা আরও জানান ভারত থেকে আনা এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়।
ডিবি পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।