অবশেষে সৌদি আরবে অপেক্ষার অবসান ঘটল রোনালদোর

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে পাড়ি জমিয়েছেন সেও প্রায় বছর চারেক হয়ে গেল। কিন্তু এতাদিনেও তাকে একটি আক্ষেপ বয়ে বেড়াতে হয়েছে। আল নাসরে যোগ দেওয়ার পর বড় কোনো ট্রফির দেখা পাননি তিনি। অবশেষে সেই  অপেক্ষার অবসান হলো। জোড়া গোল করে দলকে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন করলেন সিআরসেভেন।

বৃহস্পতিবার (২১ মে) দিনগত রাতে সৌদি প্রো লিগের শেষ রাউন্ডের ম্যাচে আল দামাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেছে রিয়াদের ক্লাবটি। এর মাধ্যমে ২০১৯ সালের পর প্রথম লিগ শিরোপার স্বাদ পেল আল নাসর।

অন্যদিকে, ২০২২ সালের শেষদিকে সৌদি আরবে পা রাখার পর এই প্রথম সেখানে বড় কোনো ট্রফি উঁচিয়ে ধরলেন সিআরসেভেন।

এর আগের ম্যাচেই সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত করার সুযোগ ছিল আল নাসরের সামনে। কিন্তু গোলরক্ষকের এক শিশুতোষ ভুলে গোল হজম করায় তাদের সেই অপেক্ষা আরও বেড়ে যায়। হাতছাড়া হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–এর ট্রফিও।

বারবার ট্রফি হাতছাড়া হওয়া মেনে নিতে পারেননি রোনালদো। আবেগ লুকাতে না পেরে মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন পর্তুগিজ সুপারস্টার। অবশেষে সৌদি আরবে তার প্রায় চার বছরের ক্যারিয়ারে ট্রফিহীন থাকার সেই হতাশা উড়ে গেল।

দামাকের বিপক্ষে আল নাসরের সমীকরণ ছিল পরিষ্কার— জিতলেই চ্যাম্পিয়ন। কোনো কারণে পয়েন্ট হারালেই তাকিয়ে থাকতে হতো রানার্সআপ আল হিলালের ম্যাচের দিকে। একই সময়ে মাঠে নামা আল হিলাল ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে আল নাসরকে কিছুটা চাপে ফেলে দিয়েছিল।

তবে ম্যাচের ৩৩তম মিনিটে আল নাসরকে স্বস্তির লিড এনে দেন সাদিও মানে। কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে গোল করেন এই সেনেগালিজ তারকা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর, দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোম্যান।

ম্যাচের ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে দামাক। তাদের স্ট্রাইকার মোরলায়ে সিল্লা সফল স্পট কিকে গোল করলে ম্যাচে কিছুটা নাটকীয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু এরপরই রুখে দাঁড়ান ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে সরাসরি দুর্দান্ত এক ফ্রি-কিক নেন রোনালদো। বল দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ালে গ্যালারিতে উল্লাসের জোয়ার বয়ে যায়।

এরপর প্রতিপক্ষ ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে ছয় গজ বক্সের ডান দিক থেকে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সিআরসেভেন। এই জোড়া গোলের সুবাদে চলতি লিগে রোনালদোর গোল সংখ্যা দাঁড়াল ২৮টি এবং পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল হলো ৯৭৩টি।

২০১৮-১৯ মৌসুমের পর এই প্রথম সৌদি প্রো লিগের শিরোপা পুনরুদ্ধার করল আল নাসর। এটি ক্লাবটির ইতিহাসের ১১তম লিগ টাইটেল। পুরো মৌসুম জুড়ে ৩৪ ম্যাচের ২৮টিতে জয় ও দুই ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ থেকে চ্যাম্পিয়ন হলো আল নাসর। অন্যদিকে, শেষ ম্যাচে আল ফায়হাকে ১-০ গোলে হারিয়ে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে লিগ শেষ করল আল হিলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *