মেহেরপুরে অনলাইন ক্যাসিনো ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মাসুদ রানা নামে আরও এক এজেন্টকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (১১ মে) দুপুরে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানা মুজিবনগরের গোপালপুর গ্রামের বাসিন্দা এবং কোমরপুর বাজারের ‘রোজ ফ্যাশন’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি মুজিবনগর থানায় দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর একটি মামলায় মাসুদ রানা ১১ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কোমরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এর আগে একই মামলায় মুকুল ইসলাম নামে এক এজেন্টকে গ্রেপ্তার করেছিল ডিবি। তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই মাসুদ রানাসহ আরও ১৫ জনকে মামলার আওতায় আনা হয়। তবে এই চক্রের অধিকাংশ সদস্য এখনও পলাতক রয়েছেন।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, গ্রেপ্তার মাসুদ রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। জব্দকৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।