অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। রবিবার (৫ জুলাই) বিকালে রাজধানীর মিরপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমে বলেন, “বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে মিরপুর-১ নম্বরের একটি রেস্তোরাঁয় স্যার খেতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যতদূর শুনেছি, হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

কবে, কোথায়, কখন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে সমাহিত করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে মোহাম্মদ আজম জানান, দাফন, শ্রদ্ধা নিবেদনের ব্যাপারে সিদ্ধান্ত হলে জানানো হবে। 

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও তার লেখা বিশের অধিক গুরুত্বপূর্ণ বই রয়েছে। তার লেখা উল্লেখযোগ্য বই হলো—‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’ প্রভৃতি। ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *