টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে খালিদুর রহমান (২৯) নামে এক ব্যক্তি ও তার মেয়ে খাদিজা আক্তারের (১০) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) দুপুর ২টার দিকে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা জেলার দেলদুয়ার উপজেলার মাদারকোল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুর রহমান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে তার শ্বশুরবাড়ি দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে যাত্রা করেন। পথিমধ্যে শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিকশা থেকে নামার পর বাবা-মেয়ে দুজনে হঠাৎ বজ্রপাতের শিকার হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা খালিদুর রহমান ও তার মেয়ে খাদিজা আক্তারকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া একই সময় দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাখাওয়াত জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।