প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই

ভারতের কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার (২৬ এপ্রিল) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

তার ছেলে ও আলোকচিত্রী নিতিন রাই জানিয়েছেন, গত দুই বছর ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। প্রথমে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হলেও তা নিয়ন্ত্রণে আসে। পরে পেটে ছড়িয়ে পড়লেও সেটিও চিকিৎসায় সেরে ওঠেন। তবে সম্প্রতি ক্যানসার মস্তিষ্কে ছড়িয়ে পড়ায় অবস্থার অবনতি ঘটে, পাশাপাশি বয়সজনিত জটিলতাও বাড়ে। খবর হিন্দুস্তান টাইমসের। 

কে ছিলেন রঘু রাই?

১৯৪২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের ঝাং এলাকায় (বর্তমানে পাকিস্তানে) জন্মগ্রহণ করেন রঘু রাই। ১৯৬২ সালে বড় ভাই এস. পলের কাছে আলোকচিত্রের হাতেখড়ি হয় তার।

১৯৬০-এর দশকের মাঝামাঝি পেশাদার জীবন শুরু করে ১৯৬৫ সালে তিনি দ্যা স্টেটসম্যান পত্রিকায় আলোকচিত্রী হিসেবে যোগ দেন। কর্মজীবনের শুরুতেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা কভার করেন। 

১৯৭৬ সালে তিনি সাপ্তাহিক ম্যাগাজিন সানডের পিকচার এডিটর হিসেবে যোগ দেন। পরের বছর কিংবদন্তি ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁ তাকে আন্তর্জাতিক সংস্থা ম্যাগনাম ফটোসে যোগদানের জন্য মনোনীত করেন।

১৯৮০ সালে তিনি ইন্ডিয়া টুডেতে যোগ দিয়ে দীর্ঘ সময় কাজ করেন। ১৯৮৪ সালের ভুপাল গ্যাস দুর্ঘটনার ওপর তার কাজ বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এ বিষয়ে তিনি ‘এক্সপোজার : এ করপোরেট ক্রাইম’ বইটিও লেখেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভারতের মানুষ, সংস্কৃতি ও শহর নিয়ে ১৮টিরও বেশি বই প্রকাশ করেছেন। তার তোলা ছবি টাইম, লাইফ, দ্যা নিউ ইয়র্ক টাইমস, নিউজ উইক এবং দ্যা নিউ ইয়র্কারসহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ কভার করার জন্য তিনি ১৯৭২ সালে ভারতের অন্যতম রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী লাভ করেন।

রঘু রাইয়ের মৃত্যুতে ভারতসহ বিশ্ব আলোকচিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *