সিরাজগঞ্জের এনায়েতপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জালালপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকা থেকে পাচারের সময় স্থানীয়রা চালগুলো আটক করে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে একটি মিশুক ও একটি অটো ভ্যানযোগে টিসিবির সিলমোহরকৃত বস্তায় চালগুলো পরিবহণ করা হচ্ছিল। এনায়েতপুর থানা সড়কের ওপর স্থানীয়দের সন্দেহ হলে তারা যানবাহন দুটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় ভ্যানচালকরা স্বীকার করেন যে, চালগুলো সৈয়দপুর থেকে বেলকুচি উপজেলার ডিলার চানের গুদামে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই স্থানীয়রা চালসহ দুই চালককে আটকে রেখে পুলিশে খবর দেন। জব্দকৃত ১৮টি বস্তার প্রতিটিতে প্রায় ৪০ কেজি করে চাল ছিল বলে জানা গেছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালের বস্তাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। পরিবহণের কাজে যুক্ত দুই চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।