আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক : কোচ মুশতাক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজের আগে চট্টগ্রামে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। এই সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ— রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।

অনুশীলনের ফাঁকে আজ শনিবার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তিনি মনে করেন, সামনে বড় টুর্নামেন্ট থাকায় ব্যাকআপ বা বেঞ্চের শক্তি বাড়ানো এখন সবচেয়ে জরুরি।

দলে নতুন ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে মুশতাক আহমেদ বলেন, ‘টি-টোয়েন্টি দলে বেশ কয়েকজন নতুন মুখ এসেছে। নিজেদের প্রমাণ করার জন্য এটি তাদের সামনে দারুণ সুযোগ। আমরা চাই আমাদের বেঞ্চের শক্তি বাড়ুক।’

সামনে বিশ্বকাপ, তার আগে নতুন ম্যাচ খেলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস বাড়িয়ে নেবেন বলে বিশ্বাস মুশতাকের। তিনি বলেন, ‘গত ম্যাচে তানভীর খেলেছে, রিশাদ খেলেনি। বিশ্বকাপের আগে আমাদের হাতে যেন অনেক বিকল্প থাকে, সেই লক্ষ্যেই কাজ করছি। দেশের হয়ে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়।’

মুশতাকের ক্লাসের বিশেষ ছাত্র লেগস্পিনার রিশাদ হোসেন। তাকে নিয়ে বিশেষভাবে কাজ করছেন বাংলাদেশের পাকিস্তানি এই স্পিন বোলিং কোচ। রিশাদকে আরও বেশি কার্যকর করতে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন এই লিজেন্ডারি কোচ।

মুশতাক বলেন, ‘রিশাদ উইকেটের খুব ভালো ব্যবহার করছে। তবে তার গুগলিতে আরও একটু উন্নতি করার জায়গা আছে। আমি সবসময় বলি, লেগ স্পিনারদের জন্য অ্যাকশন বারবার নিখুঁতভাবে করা খুব গুরুত্বপূর্ণ। কারণ লেগ স্পিনাররা অনেক সময় বেশি রান দিয়ে ফেলে। আমরা ওর বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছি, যাতে সে আরও বেশি কার্যকর হতে পারে।’

শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও পার্টনারশিপ বা জুটির ওপর গুরুত্ব দিয়েছেন মুশতাক। তিনি বলেন, ‘বোলিংয়েও কিন্তু জুটি খুব গুরুত্বপূর্ণ। যেমনটা আমরা ওয়ানডে সিরিজে লিটন ও শান্তর ব্যাটিংয়ে দেখেছি। তিন উইকেট হারানোর পর তাঁদের বড় জুটিই আমাদের ম্যাচে ফিরিয়েছে। বোলারদের ক্ষেত্রেও তাই। মুস্তাফিজ বা রানা ৫টি করে উইকেট পেয়েছে ঠিকই, কিন্তু অন্য প্রান্ত থেকে মিরাজ ও রিশাদরা ভালো চাপ তৈরি করেছিল বলেই সেটা সম্ভব হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *