টানা চার জয়ে সুপার এইটে ভারতের মুখোমুখি দ. আফ্রিকা

সুপার এইট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল তাই স্রেফ নিয়ম রক্ষার। সে ম্যাচেও বড় জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। দাপুটে পারফরম্যান্সে টানা চার ম্যাচে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিল্লিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান তোলে আরব আমিরাত। জবাব দিতে নেমে ১৩.২ ওভারে ৫ উইকেট হাতে রেখেই  লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে সুপার এইটে পা রাখল এইডেন মার্করামের দল।

১২৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে ঝড় তোলেন দুই ওপেনার এইডেন মার্করাম। কিছুটা ধীরগতির ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন কুইন্টর ডি কক। তবে পাওয়ার-প্লের মধ্যেই ফিরে গেছেন এই দুজন। ফেরার আগে ১১ বলে ২৮ রান করেন মার্করাম আর ডি কক ১৬ বলে ১৪ রান। 

এরপর মিডল অর্ডারে দলের হাল ধরেন ডেভাল্ড ব্রেভিস ও রায়ান রিকেলটন। ৪৯ রানের জুটি গড়েন তারা। দল তখন জয়ের খুব কাছেই ছিল কিন্তু সেসময় বিদায় নেন এই দুই ব্যাটার। দলীয় ১০৫ রানের সময় ১৬ বলে ৩০ রান করে ফেরেন রিকেল্টন আর ব্রেভিস ২৫ বলে ৩৬ রানে।

৬ বলের ব্যবধানে এই দুজন আউট হলেও ট্রিস্টান স্টাবস ও জেসন স্মিথ বাকি কাজটুকু সেরে ফেলেন। ১৩.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে মূল একাদশে চারটি পরিবর্তন আনে প্রোটিয়ারা। জেসন স্মিথ, কেনা মাফাকা ও আনরিখ নর্কিয়দের সুযোগ দেন কোচ। বিশ্রাম দেওয়া হয় ডেভিড মিলার ও কেশভ মহারাজদের মতো তারকাদের।

অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে খেলতে নামলেও আমিরাতকে মাত্র ১২২ রানেই আটকে রাখে দক্ষিণ আফ্রিকার বোলাররা। পাওয়ার প্লের শেষ দিকে ওপেনার মোহাম্মদ ওয়াসিম (২২) ও আরিয়ানশ শর্মা (১৩) আউট হলে চাপে পড়ে আমিরাত।

এরপর আলিশান শারাফু ৪৫ রানের এক লড়াকু ইনিংস খেললেও ১৮তম ওভারে তিনি ফিরলে আমিরাতের বড় স্কোরের স্বপ্ন শেষ হয়ে যায়।

প্রোটিয়াদের পক্ষে করবিন বশ মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।

গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে প্রোটিয়ারা এখন উড়ছে। তবে তাদের আসল পরীক্ষা শুরু হচ্ছে সুপার এইটে। আগামী রোববার ভারতের বিপক্ষে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। গতবারের ফাইনালের স্মৃতি ঝালিয়ে নিতে আর সেমিফাইনালের পথ সুগম করতে এখন ভারতকে হারানোর ছক কষছে মার্করামের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *