পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে ‘প্রাণঘাতী’ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত দুজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইউএস সাউদার্ন কমান্ড স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটিকে ‘পরিচিত মাদক পাচার রুটে সক্রিয়’ হিসেবে শনাক্ত করা হয় এবং এটি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে। খবর আনাদোলুর।
বিবৃতিতে বলা হয়, সাউথকমের কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশে ‘জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার’ অভিযানটি পরিচালনা করে। তাদের দাবি, নৌযানটি একটি ‘ঘোষিত সন্ত্রাসী সংগঠন’ থেকে পরিচালিত হচ্ছিল।
অভিযানে ‘দুইজন সন্দেহভাজন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছেন’ বলে জানানো হয়।
গত বছরের সেপ্টেম্বর থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় মাদক পাচারবিরোধী অভিযান জোরদার করেছে। কর্তৃপক্ষের দাবি, এসব অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৬৩ জন নিহত হয়েছেন।
তবে সমালোচকদের মতে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যার শামিল, যেখানে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় না। তারা আরও অভিযোগ করেন, দণ্ডপ্রাপ্ত মাদক পাচারকারীদের ক্ষমা করার ঘটনা থেকে বোঝা যায় মার্কিন প্রশাসনের প্রকৃত লক্ষ্য মাদকবিরোধী লড়াই নয়।