রাজধানীতে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজমল হোসাইন (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমল কুমিল্লা মুরাদনগর উপজেলার পান্তি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

এ বিষয়ে নিহতের শ্যালক আব্দুল জলিল গণমাধ্যমকে জানিয়েছেন তার ভগ্নিপতি সদরঘাট পাইকারি পাঞ্জাবির দোকানে চাকরি করতেন।

আব্দুল জলিল আরও বলেন, আজ সকাল ৮টার দিকে কদমতলী মোহাম্মদ বাগে ভাড়া বাসা থেকে সদরঘাট কর্মস্থলে যাওয়ার জন্য বের হন আজমল । জুরাইন দয়াগঞ্জ এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে ও বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *