জামালপুরে অভিযান চালিয়ে ৩৪ মণ নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ ও মালিককে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বোষপাড়ায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।
অভিযানকালে মেসার্স তানভীর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের সকাল বাজার এলাকার গোডাউন থেকে এক হাজার ৩২৬ কেজি (প্রায় ৩৪ মণ) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাটি ও পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।