ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে আঠারো দিন পেরিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই দেশ ও দেশের বাইরে দাপিয়ে ব্যবসা করছে তারকাবহুল এই সিনেমাটি।
প্রযোজনা সূত্রে জানা যায়, ঈদের সিনেমাগুলোর মধ্যে এটি বর্তমানে দর্শক চাহিদা এবং আয়ের দিক থেকেও শীর্ষে রয়েছে। মুক্তির পর থেকে দেশে সিনেমাটির টিকিট বিক্রি ৬ কোটি টাকারও বেশি ছাড়িয়েছে। দেশের পাশাপাশি বিদেশের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে এটি।
শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার। পরবর্তী দিনের আয় এবং অস্ট্রেলিয়ার বাজারের আয়ের সঙ্গে মিলিয়ে মোট আয় আরও বেড়েছে।
সিনেমাটির উত্তর আমেরিকার পরিবেশক ‘স্বপ্ন স্কোয়ারক্রো’ সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে মোট গ্রস কালেকশন হয়েছে ২ লাখ ৪৬ হাজার ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৪ হাজার ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার আয় করেছে সিনেমাটি।
এছাড়া যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৬৩ হাজার ২১৮ ডলার। এর মধ্যে যুক্তরাজ্য থেকে ১৪ হাজার ২১৮ মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে ৪৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই ‘হাওয়া’ সিনেমার রেকর্ড ভেঙে উত্তর আমেরিকায় সর্বোচ্চ গ্রস কালেকশন করা বাংলা সিনেমা হয়ে উঠবে ‘বনলতা এক্সপ্রেস’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমাটি উত্তর আমেরিকা থেকে আয় করেছিল ২ লাখ ৭১ হাজার ডলার।
পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন—এটাই ভালো লাগার। কারণ দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।’
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।