বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, দর্শকের আগ্রহ বাড়ছে। ফুটবলের মেগা ইভেন্ট মাঠে বসে দেখতে টিকিটের জন্য নিয়মিত আবেদন করছে আগ্রহীরা। কিন্তু, দিন দিন টিকিটের মূল্য বাড়িয়ে যাচ্ছে ফিফা। আরও এক দফা দাম বাড়াল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আসন্ন বিশ্বকাপের জন্য নতুন ও আরও বেশি দামের টিকিট ক্যাটাগরি যুক্ত করেছে ফিফা। প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ক্যাটাগরি-১ এর ফ্রন্ট আসনের দাম সর্বোচ্চ ৪ হাজার ১০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ম্যাচটি ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইনগলউডে অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহে এই ম্যাচের জন্য ক্যাটাগরি-১ এর টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২ হাজার ৭৩৫ ডলার। পরে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামে নতুন উচ্চমূল্যের স্তর যুক্ত করা হয়। ফিফা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের বিক্রয় ওযয়েবসাইটে ‘ফ্রন্ট ক্যাটাগরি ২’ যুক্ত করেছে, যেখানে সেই ম্যাচের টিকিটের দাম ১ হাজার ৯৪০ থেকে ২ হাজার ৩৩০ ডলারের মধ্যে রাখা হয়েছে।
এর আগে ফিফার দেওয়া তথ্যমতে ক্যাটাগরি ১-কে সবচেয়ে দামী আসন বলে উল্লেখ করেছিল। এটি যা মূলত নিচের সারিতে থাকে। তবে ধারণা করা হচ্ছে, কিছু আসন সেই ক্যাটাগরির বাইরে রেখে নতুন দামের স্তরে যুক্ত করা হয়েছে।
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টরন্টোতে কানাডার উদ্বোধনী ম্যাচে ফ্রন্ট ক্যাটাগরি-১ এর টিকিটের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। রাউন্ড অব-১৬ এর ম্যাচগুলোর জন্য ফিলাডেলফিয়ায় ৯০৫ ডলারের টিকিটও এই স্তরে যুক্ত করা হয়েছে।
গত সপ্তাহে ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার করেছে, যা আগে ছিল ৮ হাজার ৬৮০ ডলার। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ফাইনালে ক্যাটাগরি-২ এর টিকিটের মূল্য ৭ হাজার ৩৮০ ডলার (আগে ছিল ৫ হাজার ৫৭৫) এবং ক্যাটাগরি-৩ এর টিকিট ৫ হাজার ৭৮৫ ডলার (আগে ছিল ৪ হাজার ১৮৫) নির্ধারণ করা হয়েছে।
আসন্ন বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে ফিফা। গত ডিসেম্বরে টিকিটের চড়া মূল্যের জন্য ফিফাকে বিশ্বাসঘাতক বলেছে একটি সমর্থকগোষ্ঠী। ফুটবল সাপোর্টার্স ইউরোপ নামের সমর্থকগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপের ঐতিহ্যের সঙ্গে এটি মারাত্মক বিশ্বাসঘাতকতা। এমনটি (চড়া মূল্য নির্ধারণ) করার মধ্য দিয়ে ফিফা সমর্থকদের অবদানকে এড়িয়ে যাচ্ছে।