এবার মুখোমুখি হচ্ছেন নেইমার-মেসি?

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (বামে) ও ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র (ডানে)। ছবি : এএফপি

গত বছর সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোস এফসিতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। প্রথমে ছয় মাসের চুক্তিতে নাম লেখালেও পরবর্তীতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেন নেইমার।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার সামনে এখন একমাত্র লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া। সেজন্য নেইমারকে যথাসাধ্য সহযোগীতাও করছে ক্লাবটি। তবে বছর শেষে নেইমারের গন্তব্য কোথায় হবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেইমার সমর্থকদের মনে। ইতোমধ্যে আলোচনাও শুরু হয়ে গেছে সেটি নিয়ে।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নেইমারকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব সিনসিন্নাতি। ইতোমধ্যে  ব্রাজিলিয়ান তারকার এজন্টের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

জানা গেছে, আপাতত আমেরিকান ক্লাব ও নেইমারের এজেন্টের মধ্যে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে তারা বেশ আগ্রহ নিয়ে দলবদলের ব্যাপারে আলাপ করছে।

নেইমারকে দলে ভেড়াতে অবশ্য ভিন্ন পরিকল্পনা আটতে হবে সিনসিন্নাতিকে। কারণ, বর্তমানে ক্লাবটির ‘ডেজিগনেটেড খেলোয়াড়ের’ জায়গা পূরণ হয়ে গেছে। তাই নেইমারকে পেতে নতুন কোনো বিকল্প খুঁজতে হবে তাদেরকে। অন্যদিকে, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ নেইমার।

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব নেইমারের। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা আর ফরাসি ক্লাব পিএসজিতে দীর্ঘদিন এক সঙ্গে খেলেছেন দুজন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন মেসি। এখন যদি শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে সিনসিন্নাতির চুক্তি সম্পন্ন হয়ে যায়, তাহলে একে অপরের বিপক্ষে মাঠে নামবেন মেসি আর নেইমার।

তবে আপাতত নেইমারের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ খেলা। সেজন্য বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত নেইমারের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত জানা যাচ্ছে না। সম্প্রতি নিজেকে পূর্ণ ফিট হিসেবে প্রস্তুত করতে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। সান্তোস কোচ কুকা গত মঙ্গলবার বলেছিলেন, বিশ্বকাপে জায়গা পেতে বিশেষ একটি অস্ত্রোপচার করাতে হয়েছে নেইমারকে।

নেইমার লিওনেল মেসি

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *