জাতীয় সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ ও ‘বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন)-২০২৬’ পাস হয়েছে। বিল দুটি সংসদে উত্থাপনের পর সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস করা হয়।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এর আগে এদিন সকালে আরও ১০টি বিল পাস হয়েছে। এর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং সেটিও সর্বসম্মতিক্রমে পাস হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এ ছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।