বিএমইউকে চিকিৎসাশিক্ষা ও সেবার রোল মডেল করার প্রত্যাশা উপাচার্যের

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএমইউ) চিকিৎসা শিক্ষা ও সেবার রোল মডেলে পরিণত করার আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশা প্রকাশ করেন উপাচার্য।

এ সময় উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে উচ্চতর মেডিক্যাল শিক্ষায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা যাতে পরীক্ষায় ভালো ফলাফল করেন এবং একই সঙ্গে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। একই সঙ্গে রোগীদের সর্বোচ্চমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তার সুচিন্তিত মতামত তুলে ধরেন।

বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর ডা. শেখ ফরহাদসহ অন্যান্যরা বক্তব্য দেন। মতবিনিময় সভায় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, বেসিক সায়েন্স ও প্যারা-ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন ও সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় শেষে সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্টে স্থাপিত দেশের প্রথম অত্যাধুনিক এআই ভিত্তিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর।

পরিদর্শনকালে উপাচার্য রোগীদের সঙ্গে কথা বলেন এবং ব্যবহৃত রোবটিক প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি উপস্থিত চিকিৎসক, নার্স ও ফিজিওথেরাপিস্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেন্টারের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী বলেন, এই অত্যাধুনিক রোবটিক সেন্টার দেশের পুনর্বাসন চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীন সরকারের সহায়তায় প্রতিষ্ঠিত এই সেন্টারে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি ও অন্যান্য জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা প্রদান করা হচ্ছে, যা দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।

সেন্টারটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ও রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের ফোকাল পারসন অধ্যাপক ডা. এম এ শাকুর জানান, এখানে মোট ৬২টি যন্ত্র আছে, যার মধ্যে ৫৭টি রোবট স্থাপন করা হয়েছে এবং পাঁচটি ফিজিক্যাল থেরাপি ট্রেইনিং বেড। ৫৭টি রোবটের মধ্যে ২২টি রোবট সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বা এআই প্রযুক্তিনির্ভর। এসব রোবট ‘নিউরোপ্লাস্টিসিটি’ বা মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত স্নায়ু পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করবে, যা প্রচলিত ফিজিওথেরাপির চেয়ে অনেক বেশি কার্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *