দেশের ক্রিকেটে বড় রদবদল এসেছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।
তামিম বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সতীর্থ ও বন্ধু ইমরুল কায়েস। তবে অভিনন্দনের পাশাপাশি একটি পরামর্শও দিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমরুল কায়েস লিখেছেন, ‘দোস্ত আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস, অভিনন্দন।’
এর আগে আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান। তিনি জানান, সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ হবে তিন মাস।
সাধারণত ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ থাকলে আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে। তবে বিসিবিতে এই পরিবর্তনের বিষয়টি এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইলের মাধ্যমে জানিয়েছে এনএসসি। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটির সদস্যদের নামও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এনএসসি পরিচালক।