ইউক্রেনে ব্রিটিশ ড্রোন দিয়ে হামলায় রাশিয়ার দখলে থাকা একটি সেতু ধ্বংস হয়ে যায়। এর প্রতিশোধ হিসেবে রাশিয়ার নাগরিকরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজ ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের।
হামলাটি গত বছরের মার্চে ঘটেছিল, কিন্তু এখন জানা গেছে, ইউক্রেন সেতুটিতে ব্রিটিশ ম্যালয় টি-১৫০ ভারী মালবাহী ড্রোন মোতায়েন করে রেখেছিল। দিনিপ্রো নদীর উপনদী কোঙ্কার ওই সেতুতে ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তের ফুটেজ পাওয়া গেছে, যা থেকে ড্রোন মোতায়েনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ব্রিটিশ ড্রোন মোতায়েনের তথ্য ফাঁস হওয়ায় রাশিয়ার নাগরিকরা ক্ষুব্ধ হয়েছে। মস্কোর রাষ্ট্রীয় গণমাধ্যমের কর্মকর্তা ও বিশেষজ্ঞ ভ্লাদিমির কর্নিলভ বলেছেন, ব্রিটিশরা রুশ ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে দম্ভ করে, যা লক্ষণীয়।
প্রকৃতপক্ষে বিস্ফোরণটি আন্তর্জাতিক আইন অনুসারে ইউক্রেনের ভূখণ্ডে ঘটেছিল, তবে তা পুতিনের বাহিনী দখল করে রেখেছিল।
ভ্লাদিমির কর্নিলভ বলেন, এখনই সময় রুশ ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ওয়েস্টমিনস্টার ব্রিজটি ধ্বংস করে দেওয়ার। অবশ্যই, হুতি বা ইরানিরা এই হামলা চালাবে!
কর্নিলভ ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত থাকতে পেরে ব্রিটিশরা আনন্দে মেতে উঠেছে। তিনি প্রশ্ন তোলেন, ব্রিটিশ পার্লামেন্ট ভবন সংলগ্ন ওয়েস্টমিনস্টার ব্রিজটি ভেঙে ফেলা হলে তারা কী নিয়ে গান গাইবে।
রাশিয়ার আরেকটি সংবাদমাধ্যম জারগ্রাদ জানায়, ব্রিটিশরা এই সন্ত্রাসী হামলায় তাদের সরাসরি সম্পৃক্ততা নিয়ে আক্ষরিক অর্থেই আনন্দে উচ্ছ্বসিত। এমন অকপট স্বীকারোক্তির পর হামলাগুলো সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রের দিকে সরিয়ে নেওয়ার সময় কি হয়নি?
কোঙ্কা সেতুর বিস্ফোরণটিকে প্রাথমিকভাবে একটি সাধারণ বিমান হামলা বলে ধারণা করা হয়েছিল। তবে, এখন জানা গেছে যে ইউক্রেনের ৪২৬তম মনুষ্যবিহীন সিস্টেম রেজিমেন্ট ৬০ দিনের মধ্যে ৩০টিরও বেশি অভিযানে ভারী সরঞ্জাম বহনকারী ড্রোন ব্যবহার করেছিল। তারা এভাবে রুশ বাহিনীকে ফাঁকি দিয়ে বিস্ময়করভাবে দেড় টন বিস্ফোরক পরিবহণ করে।
ইউক্রেনীয় রেজিমেন্টের কমান্ডার কর্নেল ওলেক্সি বুলাখভ বলেন, নিচ থেকে সেতু ধ্বংস করা তুলনামূলকভাবে সহজ।
চার বছরব্যাপী যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অভিযান ছিল কোঙ্কা সেতুতে বিস্ফোরণ ঘটানোর। রশির সাহায্যে ৫০ কেজির একটি বিস্ফোরক সেতুটিতে বসানো হয়েছিল। এরপর একটি ক্ষেপণাস্ত্র সেই বিস্ফোরকে আগুন ধরিয়ে দেয়।