মোহাম্মদ রফিককে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এমন ধারণা ছিল শুরুতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নির্দিষ্ট কোনো দলের দায়িত্ব দেওয়া হয়নি রফিককে। আজ সোমবার (৬ এপ্রিল) আরও একবার সেটি মনে করিয়ে দিয়েছে বিসিবি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। তার কোনো নির্দিষ্ট দল নেই। সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না। তার অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেন্টর হিসেবে তিনি বিভিন্ন স্কোয়াডের সঙ্গে কাজ করবেন। জাতীয় দল হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে।’
৫৫ বছর বয়সী রফিক দেশের ক্রিকেটে প্রথম তারকা স্পিনার। ১৯৯৫ থেকে ২০০৮ পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন। স্পিনারের স্বর্গরাজ্য বাংলাদেশে বল হাতে সফল রফিক ৩৩ টেস্টে নিয়েছেন ১০০ উইকেট। ওয়ানডেতে ১২৫ ম্যাচে ১২৫ শিকার তার নামের পাশে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন এক উইকেট।
শুরুতে এক বছরের জন্য কাজের সুযোগ পেয়েছেন রফিক। তার নজর এখন সামনের দিকে। পুরোটা সময় কাজ করে যেতে চান তিনি। এখনই কথা না বলে কাজে মনোযোগ দেওয়ার চিন্তা দেশের এই ক্রিকেট কিংবদন্তির।
রফিক বলেন, ‘আমি তো এখনও কাজ শুরু করিনি। আমি যখন কাজ শুরু করব তখন আসলে লম্বা সময় বা কম সময় এটা নিয়ে কথা বলতে পারব। আমাকে দায়িত্ব দিয়েছে চিন্তাভাবনা করেই। আগে আমার কাজটা দেখুন, তারপর আল্লাহ কোন পর্যন্ত নিয়ে যায় আমাকে সেটা দেখা যাবে।’