গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে শিশা বানানোর অপরাধে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৬ এপ্রিল) গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে থ্রি স্টার ব্যাটারি কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পরিবেশ অধিদপ্তর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এই অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেলাল মৃধা নামে একজনকে পরিবেশ আইন ১৯৯৫ এর ৬ এর গ ধারা অনুযায়ী সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া কারখানার সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধভাবে পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না।