২০২৬ ফুটবল বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, ফিফা কি মানবে?

দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের মাটিতে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে যাবে ইরান? এমন কোনো সুযোগ দেখছেন না ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি। তিনি জানিয়েছেন, যদি দেশটির ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়া না হয়, তাহলে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

রোববার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফিফা যদি আমাদের অনুরোধ গ্রহণ করে, তাহলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’

এর আগে ইরান ফুটবল ফেডারেশন (ইএফএফ) আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে ম্যাচ স্থানান্তরের অনুরোধ জানালেও এখনও কোনো ইতিবাচক সাড়া পায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আয়োজক। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে আসা উপযুক্ত নয় বলেই আমি মনে করি।’

এর জবাবে ইরানের ফুটবল দল সামাজিক মাধ্যমে জানায়, ‘কেউ ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।’ ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ আরও বলেন, ‘যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি আমাদের দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রে যাব না।’

পরবর্তীতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়ে দেন, বিশ্বকাপের সূচি অনুযায়ী ম্যাচগুলো নির্ধারিত স্থানেই অনুষ্ঠিত হবে এবং স্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

এ পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ক্রীড়ামন্ত্রী দোনিয়ামালি জানিয়েছেন, দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং খেলোয়াড়রা টুর্নামেন্টের জন্য প্রস্তুত থাকবে। তিনি ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন, যেন আয়োজক দেশ ইরানের দল ও স্টাফদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *