দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে মার্কেট, শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আগে এ সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ৪ এপ্রিল ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে চলমান ও আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও এ সময়সীমার মধ্যে শেষ করতে হবে।
এছাড়া সব ধরনের বিলবোর্ডের আলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে চাপ সামাল দিতে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয় আনতেই এ ধরনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এসএন/পিডিকে