ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাই স্কোরিং ম্যাচে চেন্নাইও কম যায়নি। তবে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর রান পাহাড় টপকাতে পারেনি তারা। রোববার (৫ এপ্রিল) চেন্নাইকে ৪৩ রানে হারিয়েছে বেঙ্গালুরু।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৫০ রান করে বেঙ্গালুরু। জবাবে ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় চেন্নাই।
রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে চেন্নাই। প্রথম ডিন ওভারেই নেই তিন উইকেট। দুই ওপেনার অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৭) ও সঞ্জু স্যামসনের (৯) বিদায়ের পর ওয়ানডাউনে নামেন আয়ুশ মাত্রে। তিনিও ফেরেন দ্রুত (১)।
চেন্নাইকে কক্ষপথে ফেরান সরফরাজ খান। আউট হওয়ার আগে ২৫ বলে ৫০ করেন তিনি। প্রশান্ত বীরের ২৯ বলে ৪৩, জেমি ওভারটনের ১৬ বলে ৩৭ রানে একসময় জয়ের স্বপ্ন দেখে চেন্নাই। তবে, শুরুর ধাক্কায় যে দুরত্ব তৈরি হয়, সেটি আর ঘোচানো হয়নি।
বেঙ্গালুরুর পক্ষে ভুবনেশ্বর কুমার নেন তিন উইকেট। ক্রুনাল পান্ডিয়া, জ্যাকব ডাফি ও অভিনন্দন সিং পান দুটি করে উইকেট।
স্বাগতিক বেঙ্গালুরুর ব্যাটাররা আসল কাজটা করে রাখেন আগেই। ফিল সল্ট ও বিরাট কোহলি মিলে ভালো শুরু এনে দেন। কোহলি ১৮ বলে ২৮ এবং সল্ট ৩০ বলে ৪৬ করেন। ওয়ানডাউনে নেমে ২৯ বলে ৫০ করেন দেবদূত পাড়িক্কাল।
বেঙ্গালুরুর রান আড়াইশ স্পর্শ করে অধিনায়ক রজত পাতিদার ও টিম ডেভিডের ঝড়ে। রজত ১৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। ডেভিড আরও বিধ্বংসী, ২৫ বলে অপরাজিত ৭০ আসে তার ব্যাট থেকে।
চেন্নাইয়ের আনসুল কাম্বোজ, জেমি ওভারটন ও শিভাম দুবে একটি করে উইকেট নেন।
দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট বেঙ্গালুরুর। রান রেটে এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন তারা।