সেচ পাম্পের সঙ্গে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকায় সেচ পাম্পের সঙ্গে বোরকা পেঁচিয়ে রোজিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে চরপালং কীর্তিনাশা নদীর পাড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম ওই এলাকার বাসিন্দা ইব্রাহিম সরদারের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রোজিনা বেগম স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে কীর্তিনাশা নদীর পাড়ে স্থাপিত একটি সেচ পাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসের ঝাপটায় তার বোরকা পাম্পের ঘূর্ণায়মান যন্ত্রে (শ্যাফট) পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি পাম্পের ভেতরে চলে যান এবং শরীরের ওপরের অংশ মেশিনে আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম এই শক্তিশালী মেশিনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দিতে। কিন্তু মালিকপক্ষ তা কানে তোলেনি। এই চরম অবহেলার কারণেই আজ একটি প্রাণ গেল। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সেলিম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে নারীর দেহ মেশিনে পেঁচানো অবস্থায় রয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবীর হোসেন বলেন, সেচ পাম্পটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে মেশিন মালিক ও সংশ্লিষ্টদের স্পষ্ট গাফিলতি পরিলক্ষিত হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *