নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
আহত এমরান মিয়া বাগেরহাট জেলার বাসিন্দা এবং বর্তমানে পিরোজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত আছেন। তিনি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে আসছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, কনস্টেবল এমরান মিয়া রোববার রাতে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে আত্রাই আসছিলেন। সোমবার সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমায়। এ সময় এমরান মিয়া চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।