বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব। সেই উৎসবকে ঘিরে প্রতিবছরের মতো এবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে দেশের ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’। লোকঐতিহ্য ও প্রকৃতির রঙ-রূপ থেকে অনুপ্রাণিত হয়ে বৈশাখকে রাঙাতে নতুন সংগ্রহ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
১৯৯৪ সালে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার হাত ধরে যাত্রা শুরু করা ‘বিশ্বরঙ’ দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দেশীয় ঐতিহ্যকে ফ্যাশনে তুলে ধরছে। বৈশাখসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে লোকজ সংস্কৃতি নিয়ে কাজ করাই প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা।
এবারের বৈশাখী আয়োজনে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বাংলার মাটির টেপা পুতুল। গ্রামীণ জীবনের সরলতা ও লোকশিল্পের প্রতীক এই উপাদানকে আধুনিক নকশায় উপস্থাপন করা হয়েছে পোশাকে। পাশাপাশি ব্যবহৃত হয়েছে প্রকৃতির স্বাভাবিক রঙ—মাটির লাল, পাতা সবুজ, আকাশি নীল ও ফুলের কোমল আভা।
বিপ্লব সাহা জানান, এই আয়োজনের লক্ষ্য শুধু নতুন পোশাক বাজারে আনা নয়; বরং হারিয়ে যেতে বসা লোকশিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। বৈশাখের উৎসবমুখর পরিবেশে ঐতিহ্য ও সমকালীনতার এক সৃজনশীল মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে।
পোশাক তৈরিতে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট, মেশিন ও হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশিকাঁথা ও জরদৌসিসহ বিভিন্ন কৌশল। শিশু, নারী ও পুরুষ—সব শ্রেণির মানুষের জন্যই রাখা হয়েছে আলাদা সংগ্রহ।
এছাড়া অনলাইনেও কেনাকাটার সুযোগ রেখেছে ‘বিশ্বরঙ’। ই-কমার্স ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই পণ্য অর্ডার করতে পারবেন।