প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পাচ্ছে আগামী কোরবানি ঈদে। সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে।

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তির বিষয়ে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।


২০২০ সালে মাসুদ রানা সিরিজের ওপর ভিত্তি করে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ। এর মধ্যে হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটির কাজ আটকে ছিল।

প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শুটিং ও নির্মাণশৈলীতে কোনো কমতি রাখা হয়নি বলে দাবি করেন তিনি।


সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণের কাজ প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। বর্তমানে মাত্র এক দিনের শুটিং বাকি আছে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করছে প্রযোজনা সংস্থা। প্রযোজক জানিয়েছেন, বাকি অংশের সম্পাদনা ও ডাবিংসহ সব কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যেই সিনেমাটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। কোরবানির ঈদে মাল্টিপ্লেক্সসহ সারাদেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে।

এই সিনেমায় গোয়েন্দা মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরিকে। সিনেমায় নিজের চরিত্রের প্রয়োজনে পূজাকে ব্যাপক অ্যাকশন দৃশ্যে অংশ নিতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *