দিন যত গড়াচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংকট যেন ততই বাড়ছে। একে একে সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা। আমিনুল ইসলাম বুলবুল যতই বলেন কোনো সংকট নেই, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। শনিবার (৪ এপ্রিল) এক রাতে দায়িত্ব ছাড়লেন বিসিবির চারজন পরিচালক। ২৫ সদস্যের কমিটিতে এই নিয়ে পদত্যাগ করেছেন সাতজন।
শনিবার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা। সভার পর প্রথমে পদত্যাগ করেন ফায়াজুর রহমান মিতু। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। বিসিবির বোর্ড মিটিং শেষে পদত্যাগের চিঠি দিয়েছেন তিনি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ছিলেন ফাইয়াজুর রহমান।
ফাইয়াজুরের দেখানো পথে হেঁটে মধ্যরাতে পদত্যাগ করেন ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম, সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান মেহরব আলম চৌধুরী ও মনজুর আলম।
এর আগে ইশতিয়াক সাদেক আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেন। যাদের মধ্যে ফয়সাল ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক।
বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের তদন্ত করতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসিতে কমিটির মুখোমুখি হয়েছেন বেশ কয়েকজন পরিচালক। জানা গেছে, দুয়েকদিনের মধ্যেই সেই প্রতিবেদন জমা দেওয়া হবে। এরই মধ্যে সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা, যাতে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।