নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ধ্বংস করল যুক্তরাষ্ট্র
ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ৩৬ ঘণ্টাব্যাপী উত্তেজনাপূর্ণ এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। সর্বশেষ এই অভিযানের মাধ্যমে ভূপাতিত বিমানের দুই ক্রু সদস্যকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা জানান, অভিযানটি পরিচালনা করে একটি এলিট কমান্ডো দল, যাদের আকাশপথে ব্যাপক সহায়তা দেওয়া হয়। অভিযানে অংশ নেওয়া সব মার্কিন সদস্য ইতোমধ্যে ইরান ত্যাগ করেছে।
সূত্রগুলো জানায়, বিমান থেকে ইজেক্ট করার পর পাইলট ও অস্ত্রব্যবস্থা কর্মকর্তা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। একজন পাইলটকে বিমান ভূপাতিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়, তবে দ্বিতীয় সদস্যকে খুঁজে পেতে এক দিনের বেশি সময় লাগে।
নিখোঁজ সদস্যের অবস্থান শনাক্ত হওয়ার পর শনিবার (৪ এপ্রিল) তাকে উদ্ধারে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। এ সময় আইআরজিসি সদস্যরাও ঘটনাস্থলের দিকে অগ্রসর হচ্ছিল, তবে মার্কিন বিমান হামলার মাধ্যমে তাদের অগ্রযাত্রা ঠেকানো হয় বলে জানা গেছে।
অন্যদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযানের পর কমান্ডো ও ক্রু সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত দুটি পরিবহন বিমান ইরানের একটি দূরবর্তী ঘাঁটিতে বিকল হয়ে পড়ে। পরে বিকল্প তিনটি বিমান পাঠিয়ে সবাইকে সরিয়ে নেওয়া হয় এবং বিকল বিমানগুলো ধ্বংস করে দেওয়া হয়, যাতে সেগুলো ইরানের হাতে না পড়ে।
উদ্ধার অভিযানটি হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে পর্যবেক্ষণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে পাইলটকে উদ্ধারের সময় একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ইরানি হামলার মুখে পড়ে। এতে কয়েকজন আহত হলেও হেলিকপ্টারটি ইরান ত্যাগ করতে সক্ষম হয়।