ভূমধ্যসাগরে লেবাননের উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দূরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালনোর দাবি করেছে হিজবুল্লাহ।
গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, জাহাজটি লেবাননের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল। কয়েক ঘণ্টা নজরদারির পর নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানো হয়। খবর আল জাজিরার।
হিজবুল্লাহ আরও জানায়, হামলায় সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র।
তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হিজবুল্লাহ বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে।
ইরানের সমর্থন ও কৌশলগত সমন্বয়ের কারণে এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।